অ্যামাজনের শীর্ষ পদ থেকে ইস্তফা নিচ্ছেন জেফ বেজোস
৩০ বছর আগে নিজের গ্যারেজে গড়ে তোলা ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রধান নির্বাহী পদ থেকে ইস্তফা নিচ্ছেন জেফ বেজোস। তবে পদ ছাড়লেও এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি। এর পর থেকে নিজের সময় ও মনোযোগ দেবেন অন্য উদ্যোগে।
আর বিশ্বের শীর্ষ ধনী বেজোসের ছেড়ে যাওয়া পদে আসবেন বর্তমানে অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং বিজনেসের নেতৃত্ব দেওয়া অ্যান্ডি জাসি।
অ্যামাজনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে বড় এ পরিবর্তন আসবে।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উদ্দেশে একটি চিঠি লেখেন ৫৭ বছরের বেজোস। সেখানে বলেন, অ্যামাজনের সিইও হওয়া খুবই দায়িত্বপূর্ণ কাজ। এ ধরনের দায়িত্বে থাকলে অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দেওয়া কঠিন।
আরও জানান, এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর অ্যামাজনের অন্য উদ্যোগগুলোতে বেশি সময় দেবেন। ডে ওয়ান ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্ট ও অন্যান্য আগ্রহের জায়গাতে কাজ করবেন বেজোস।
এটাও জানান, এখনই কাজ থেকে অবসর নিচ্ছেন না তিনি।
১৯৯৪ সালে অনলাইন বুকশপ হিসেবে যাত্রা করে অ্যামাজন। বর্তমানে পণ্য সরবরাহ ও স্ট্রিমিং ভিডিও, ক্লাউড সার্ভিস ও বিজ্ঞাপন মিলিয়ে এ প্রতিষ্ঠানে সারা বিশ্বের ১৩ লাখ মানুষ কাজ করছে। ফোর্বসের হিসাব অনুযায়ী জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১৯৬.২ বিলিয়ন ডলার।